জাতীয়

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ এএম

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে, সে অনুযায়ী ডিসেম্বরের প্রথমদিকে তফসিল ঘোষণা করা হবে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বরিশালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সিইসি নাসির উদ্দিন বলেন, “আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে। বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে যদি নির্বাচনের আগে তাদের বিরুদ্ধে বিচার শেষ হয়, তখন বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।”

এ সময় তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কোনো গোয়েন্দা সংস্থার প্রভাবাধীন নয় এবং কমিশন স্বাধীনভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করবে।

এনসিপির শাপলা প্রতীকের দাবির বিষয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকায় ‘শাপলা প্রতীক’ নেই। তাই আইনের বাইরে গিয়ে ওই প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়।”

সভায় বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, ছয় জেলার জেলা প্রশাসক, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সকাল ১০টায় সিইসি বরিশাল বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন, যেখানে তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।