জাতীয়
বিসিএসে রিপিট ক্যাডারে নিয়োগের সুযোগ বাতিল
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ করে বিসিএসে রিপিট ক্যাডারে নিয়োগের পথ বন্ধ করেছে সরকার। মঙ্গলবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন এই সংশোধনের মাধ্যমে কোনো প্রার্থী একবার কোনো বিসিএসের নির্দিষ্ট ক্যাডারে নিয়োগপ্রাপ্ত বা সুপারিশপ্রাপ্ত হলে পরবর্তী বিসিএসে আর সেই একই ক্যাডারে নিয়োগের সুযোগ পাবেন না। আগের কোনো বিসিএসে নিয়োগের সুপারিশ পাওয়ার পর যোগদান না করলে কিংবা সেই ক্যাডারে অনিচ্ছা প্রকাশ করলে ভবিষ্যতের বিসিএসেও তাকে একই ক্যাডারে আর সুপারিশ করা হবে না। প্রয়োজনে পিএসসি চাইলে এমন প্রার্থীদের চূড়ান্ত ফলাফল থেকেও বাদ দিতে পারবে।
এর আগে বিধিমালার ১৭ নম্বর ধারায় বলা ছিল- পিএসসি কৃতকার্য প্রার্থীদের মধ্য থেকে উপযুক্তদের নির্বাচন করে সরকারের কাছে নিয়োগের সুপারিশ করবে। তবে সংশোধিত বিধিতে যুক্ত হয়েছে নতুন শর্ত, যেখানে পিএসসি সরকারের কাছে সুপারিশ করার আগে প্রার্থীর লিখিত তথ্য, পূর্ববর্তী বিসিএস পরীক্ষার রেকর্ড এবং কমিশনের নিজস্ব তথ্য বিবেচনা করবে।
এখন থেকে কোনো প্রার্থী যে ক্যাডারে বর্তমানে কর্মরত, বা আগের বিসিএসে সেই ক্যাডারে নিয়োগ পেয়েছিলেন কিন্তু যোগদান করেননি, কিংবা সেই ক্যাডারে অনিচ্ছা প্রকাশ করেছিলেন- তাদেরকে আর সেই একই ক্যাডারে মনোনীত করা হবে না। কমিশন চাইলে এসব প্রার্থীকে সুপারিশ করা থেকে বিরত থাকতে পারবে বা প্রয়োজন হলে চূড়ান্ত ফলাফল থেকেও বাদ দিতে পারবে।
তবে তিন কারণে কোনো প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ না করলে, সেই পদগুলো শূন্য থাকলে পিএসসি মেধাক্রম ও পছন্দ অনুযায়ী অন্যান্য যোগ্য প্রার্থীদের নিয়ে সম্পূরক ফলাফল প্রকাশ করতে পারবে। এ ক্ষেত্রে প্রথম ঘোষিত ফলাফলে কোনো প্রার্থীর মেধাক্রম বা পছন্দক্রম ক্ষতিগ্রস্ত হবে না বলেও বিধিতে উল্লেখ করা হয়েছে।