জাতীয়

সরকারি ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে নতুন ছুটি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম

সরকারি ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে নতুন ছুটি
ছবি: সংগৃহীত

আগামী বছর (২০২৬) সরকারি ছুটির তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি নতুন সাধারণ ছুটি। ফলে নতুন বছরে সরকারি কর্মচারীরা মোট ২৮ দিন ছুটি ভোগ করবেন, যার মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে।

চলতি বছর ২০২৫ সালে সরকারি ছুটি ছিল মোট ২৭ দিন। এর মধ্যে ১৩ দিন ছিল সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে। ২০২৬ সালে নতুনভাবে যুক্ত হচ্ছে ৫ আগস্ট, ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে একটি সাধারণ ছুটি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “আগামী বছরে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় মূল কার্যদিবসে ছুটি থাকবে ১৯ দিন।”

প্রসঙ্গত, চলতি বছরের ২ জুলাই এক প্রজ্ঞাপনে সরকার প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

প্রতি বছরই ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১ মে মে দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ধর্মীয় উৎসবগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এবার এর সঙ্গে যুক্ত হলো জুলাই গণ-অভ্যুত্থান দিবস—যা ২০২৬ সালের সরকারি ক্যালেন্ডারে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হচ্ছে।