জাতীয়

দ্বাদশ সংসদের ৩১টি বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:৪০ পিএম

দ্বাদশ সংসদের ৩১টি বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর
ছবি: সংগৃহীত

বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্যদের আমদানিকৃত ৩১টি বিলাসবহুল গাড়ি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি যানবাহন অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) এ বিষয়ে বিশেষ আদেশ জারি করা হয়।

এনবিআর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কাস্টমস হাউস জানতে চেয়েছিল—বিলুপ্ত সংসদের সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত গাড়িগুলো এখনো খালাস করতে পারবেন কি না। গত বছরের ৮ ডিসেম্বর এনবিআর স্পষ্ট নির্দেশনা দেয় যে, এসব গাড়িতে শুল্কমুক্ত সুবিধা আর প্রযোজ্য নয়। তবে আমদানিকারকরা চাইলে স্বাভাবিক শুল্ক ও কর পরিশোধের মাধ্যমে গাড়িগুলো খালাস করতে পারবেন।

পরবর্তীতে কেউ শুল্ক-কর পরিশোধ না করায়, কাস্টমস আইন ২০২৩-এর ধারা ৯৪(৩) অনুযায়ী গাড়িগুলো নিলামে তোলা হয়। কিন্তু নিলামে কোনো যৌক্তিক বিডার না থাকায়, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জনস্বার্থে এগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

এনবিআর জানায়, ৩১টি গাড়ির মোট শুল্ক ও করের পরিমাণ প্রায় ২৬৯ কোটি ৬১ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা। প্রতিটি গাড়ির সর্বোচ্চ শুল্ক-কর নির্ধারণ করা হয়েছিল ৯ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার ৩০০ টাকা, আর সর্বনিম্ন ৮ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৪০০ টাকা।

বিশেষ আদেশে বলা হয়েছে, ভবিষ্যতে সংশ্লিষ্ট আমদানিকারকরা যদি প্রযোজ্য শুল্ক ও কর পরিশোধ করে গাড়িগুলো আইনানুগভাবে খালাস করতে চান, তবে চট্টগ্রাম কাস্টমস হাউস শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করে তাদের অনুকূলে গাড়িগুলো ছাড় করতে পারবে। সেক্ষেত্রে বর্তমানে সরকারি যানবাহন অধিদপ্তরের কাছে থাকা গাড়িগুলো ফেরত দেওয়া হবে।