জাতীয়
বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে: তথ্য উপদেষ্টা
প্রাতিষ্ঠানিক সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) স্বায়ত্তশাসন দেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, “বিটিভি হবে সবার- সব দল ও সব মানুষের।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
তিনি বলেন, “বিটিভি যাতে সত্যিকারের বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের প্রতিনিধিত্ব করতে পারে, সেজন্য একে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। এটি আর কোনো দল বা রাজনৈতিক শক্তির হাতিয়ার হবে না- বরং হবে জনগণের কণ্ঠস্বর।”
মাহফুজ আলম আরও জানান, বিটিভিতে নতুনভাবে বিভিন্ন বয়স ও পটভূমির প্রতিযোগীদের অংশগ্রহণে রিয়েলিটি শো ও সৃজনশীল অনুষ্ঠান চালু করা হবে। “আমরা চাই, এই উদ্যোগগুলো ভবিষ্যতেও নিয়মিতভাবে চলুক এবং দেশের মানুষের সংস্কৃতি ও প্রতিভার বিকাশে ভূমিকা রাখুক,” বলেন তিনি।
‘নতুন কুঁড়ি ২০২৫’-এর বিজয়ীদের অভিনন্দন জানিয়ে উপদেষ্টা বলেন, “নতুন কুঁড়িদের প্রতিভা, নিষ্ঠা ও উদ্ভাবনী শক্তি আমাদের অনুপ্রাণিত করে। এটি শুধু একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা নয়, বরং নতুন প্রজন্মের হাত ধরে নতুন বাংলাদেশের দিগন্ত উন্মোচনের প্রতীক।”
তিনি আরও আশা প্রকাশ করেন, এই তরুণ প্রতিভাবানরাই আগামী দিনে দেশের সংস্কৃতি, সমাজ ও সভ্যতাকে এগিয়ে নেবেন।
অনুষ্ঠানে সরকারের উপদেষ্টাবৃন্দ, সচিববৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ‘নতুন কুঁড়ি’-এর বিজয়ী শিশুশিল্পী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।