জাতীয়
রাজধানীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে ঢাকা মহানগরীতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম।
তিনি জানিয়েছেন, রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রায় ১৫ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে।
সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, “রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা নেই। নগরবাসী নিশ্চিন্তে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন।”
তিনি আরও জানান, রাজধানীজুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সরকারি-বেসরকারি স্থাপনা, আদালত এলাকা ও প্রবেশমুখগুলোতে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি কাজ করছে সাদা পোশাকধারী সদস্য, বিশেষ টহল টিম এবং গোয়েন্দা ইউনিট।
রায় ঘোষণার আগের দিন রবিবার থেকেই ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি স্থিতিশীল এবং নিরাপদ রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।