জাতীয়

সরকারের পদে থেকে কেউ নির্বাচন করতে পারবেন না: ইসি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পিএম

সরকারের পদে থেকে কেউ নির্বাচন করতে পারবেন না: ইসি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, সরকারের কোনো পদে থেকে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না, এমনকি নির্বাচনী প্রচারেও যুক্ত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনশুধু স্বচ্ছ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তফসিল ঘোষণাও এখন সময়ের ব্যাপার মাত্র। আসন বিন্যাস, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রজ্ঞাপনসহ নির্বাচনী কার্যক্রমের জন্য প্রয়োজনীয় প্রায় ২০টি পরিপত্র জারি করার প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

নির্বাচনী প্রশাসনের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি গঠন, বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, আইন-শৃঙ্খলা মনিটরিং সেল-এসব ক্ষেত্রেও সব ফরমেট প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। তফসিল ঘোষণার পরপরই এসব নির্দেশনা ধারাবাহিকভাবে জারি করবে ইসি।

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারের পদে থেকে নির্বাচনী প্রচার করা যায় না। এ নিয়ম মানতে গেলে সরকারের কোনো পদে থাকা ব্যক্তি প্রার্থী হওয়াও সম্ভব নয়। অর্থাৎ, নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকারের যেকোনো পদে থাকা ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।