জাতীয়
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধুরী
মহান বিজয় দিবস, ১৬ই ডিসেম্বর, স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে দেশ। এই দিনে মোট ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে সর্ববৃহৎ পতাকা-প্যারাস্যুটিং প্রদর্শনের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন।
এই ৫৪ জনের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
জানা গেছে, আশিক চৌধুরী এই বিশেষ প্যারাস্যুটিং জাম্পে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরিধান করবেন। এই উদ্যোগকে কেন্দ্র করে তার দ্রুত আরোগ্য কামনায় সকলের দোয়া ও প্রার্থনাও চাওয়া হয়েছে।
'টিম বাংলাদেশ'-এর এই ৫৪ জন প্যারাট্রুপার ১৬ই ডিসেম্বর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বেলা ১১টা ৪০ মিনিট থেকে পতাকা হাতে প্যারাস্যুটিং শুরু করবেন। এই মহড়াটি স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপনের বিশেষ অংশ।
মূল প্যারাস্যুটিংয়ের আগে বেলা ১১টা থেকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। এছাড়াও বিজয় দিবসের বিশেষ ব্যান্ড-শো আয়োজিত হবে।
এই বিশেষ আয়োজনটি জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দেশের সামরিক বাহিনীর এই ঐতিহাসিক প্রদর্শনী প্রত্যক্ষ করার সুযোগ পাবেন সাধারণ মানুষ।