জাতীয়
হাদির জানাজা শনিবার দুপুর ২টায়, শায়িত হবেন কবি নজরুলের পাশে
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ২টায় শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ব্যাগ বা ভারী বস্তু নিয়ে আসার অনুমতি নেই। এছাড়া, সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।
হাদিকে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে বলা হয়েছে, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে যাত্রা শুরু করেছে। এরপর শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মীরা অবস্থান নেবেন।
পরিবারের চাওয়ায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাদ জোহর নামাজের পর হাদিকে সেন্ট্রাল মসজিদে আনা হবে। পোস্টে আরও বলা হয়েছে, ছাত্র-জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে। এছাড়া, মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সবাইকে শৃঙ্খলা বজায় রেখে শহীদ ওসমান হাদির জন্য দোয়া করার অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয় নগরে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। ঢাকায় প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। ১৮ ডিসেম্বর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।