জাতীয়
শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ আসছে।
সরেজমিনে দেখা গেছে, ছোট-বড় মিছিল নিয়ে হাজারো মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে ঢুকছে।তাদের কারও মাথায় জাতীয় পতাকা বাঁধা, কেউ আবার পতাকা গায়ে জড়িয়ে আছেন। তারা হাদি হত্যার বিচার চেয়ে স্লোগান দিচ্ছেন।
লোকজনকে খামারবাড়ি গোল চত্বরের সামনে দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে ঢোকানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কাউকে সন্দেহ হলে তল্লাশি করা হচ্ছে পুরুষের পাশাপাশি অনেক নারীকেও আসতে দেখা গেছে।
ওসমান হাদির জানাজা পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য জানিয়েছেন।
ডা. আহাদ বলেন, ওসমান হাদির জানাজা পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে।
ওসমান হাদি নিহত হওয়ার ঘটনায় আজ শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক চলছে।