জাতীয়
কবি নজরুলের পাশেই সমাহিত হবেন ওসমান হাদি, খোঁড়া হচ্ছে কবর (ভিডিও)
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ শনিবার (২০ ডিসেম্বর) এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
সেই অনুযায়ী, আজ সকাল সাড়ে ১১টায় ওসমান হাদির কবর খোঁড়ার কাজ শুরু করা হয়েছে।
এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে ওসমান হাদির পরিবার, ডাকসু এবং বিশ্ববিদ্যালয় ক্যাবিনেট সদস্যদের অনুরোধের ভিত্তিতে সিন্ডিকেট সভা ডাকা হয়। সভায় সর্বসম্মতিক্রমে নজরুল সমাধি প্রাঙ্গণে খালি থাকা নির্দিষ্ট স্থানে ওসমান হাদির দাফনস্থল নির্ধারণ করা হয়।
এদিকে, শহীদ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দু’জন সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন। সে সময় রিকশায় থাকা অবস্থায় তার মাথায় গুলি লাগে। আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর ঘটনায় দেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আসে। বর্তমানে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আজ জোহরের নামাজের পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে এবং জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।