জাতীয়

কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে খোলা হয়েছে শোক বই


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ এএম

কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে খোলা হয়েছে শোক বই
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণ এবং ‘বাংলাদেশ হাউস’-এ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে একটি শোক বই খোলা হয়। শোক বইয়ের প্রথম প্রহরে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারোয়ার স্বাক্ষর করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর সমবেদনা জানান।

এরপর নেপালে নিযুক্ত প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কূটনৈতিক প্রতিনিধিরা শোক বইয়ে স্বাক্ষর করেন এবং প্রয়াত এই রাষ্ট্রনেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি মিশরের কূটনীতিক, নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নেপাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতিসহ স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি শোক বইতে স্বাক্ষর করেন।

শোক বইয়ে স্বাক্ষরকারীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পুরো কর্মসূচি জুড়ে ছিল গম্ভীর ও শোকাবহ পরিবেশ, যা প্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রীর প্রতি আন্তর্জাতিক মহলের শ্রদ্ধা ও সম্মানের প্রতিফলন ঘটায়।