জাতীয়

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ
ছবি: সংগৃহীত

আসন্ন গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরিতে এবং নাগরিকদের স্পষ্ট ধারণা দিতে দেশজুড়ে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। মাঠ পর্যায়ের কর্মকর্তা, ধর্মীয় নেতা ও এনজিও প্রতিনিধিদের প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূলের অস্পষ্টতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বরিশালে বিভাগীয় কর্মকর্তা ও ইমাম সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ ও মনির হায়দার এ বিষয়ে দিকনির্দেশনা দেন। আগামী ১২ থেকে ২৪ জানুয়ারির মধ্যে পর্যায়ক্রমে রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনায় একই ধরনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজিত এসব সভায় সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ভিসি, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। পাশাপাশি ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে ফটোকার্ড শেয়ারের মাধ্যমে ডিজিটাল প্রচারণাও চালানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মতবিনিময় সভায় গণভোট বিষয়ে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে বিভাগীয়, জেলা, উপজেলা ও অন্য স্টেকহোল্ডারদের সচেতন করা হবে।