জাতীয়
ছয় মাস পর মন্ত্রীদের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নতুন মন্ত্রিসভা গঠনের পর আগামী ছয় মাসের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাজের অগ্রগতি মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট মন্ত্রীকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয়কে ১৮০ দিনের কর্মপরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে।
বৈঠকের পর সচিবদের সঙ্গে সভা করেন তারেক রহমান। মন্ত্রিসভার বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের কাছে সভার সিদ্ধান্ত ও আলোচনার বিষয় তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, পরিকল্পনাগুলো পরবর্তী বৈঠকে এক করে আলোচনা করে বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সরকার অগ্রাধিকার দিচ্ছে আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ এবং রমজান ও ঈদে যাতায়াত ও সাধারণ সেবা নিশ্চিতে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার।
প্রধানমন্ত্রী সকল মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সততা, কর্মদক্ষতা ও দুর্নীতিমুক্ত থাকার ওপর জোর দিয়েছেন। বৈঠকে সরকারি ইশতেহার অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের গুরুত্বও বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন তাঁর নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়। এর বাইরে পাঁচজন মন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টা এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। গতকালের বৈঠকে মন্ত্রী-প্রতিমন্ত্রী ছাড়াও ১০ উপদেষ্টা উপস্থিত ছিলেন।