জাতীয়
সরকার শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা চলমান থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, এ বিষয়ে দিল্লির সঙ্গে আগে যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা অব্যাহত রাখা হবে। পাশাপাশি ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে বিদ্যমান বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা চলবে।
প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে অনুরোধ জানিয়ে গত বছরের নভেম্বরে অন্তর্বর্তী সরকার ভারতের কাছে চিঠি পাঠায়। দুই দেশের বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত চাওয়া হয়। তবে এ বিষয়ে এখনো দিল্লির আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। ২০২৪ সালেও এ বিষয়ে দু’দফা কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছিল বলে জানান তিনি।
নতুন সরকারের পররাষ্ট্রনীতির অবস্থান ব্যাখ্যা করে শামা ওবায়েদ বলেন, জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে। দ্বিপক্ষীয় বা প্রয়োজন হলে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে জটিল বিষয়গুলোর সমাধানে এগোবে বাংলাদেশ।
তিনি আরও বলেন, দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর আন্তর্জাতিক অঙ্গনে দৃঢ় ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে সরকার কাজ করবে। একই সঙ্গে বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা–সংক্রান্ত জটিলতা নিরসনেও পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয় রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।