জাতীয়
রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন
গত ১৭ বছরে দায়ের হওয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর আগে দায়িত্ব নেওয়ার পর ১০০৬টি মামলার প্রত্যাহারে অনুমোদন দেওয়া হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের উদ্যোগে রাজনৈতিক কর্মী, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও বানোয়াট মামলাগুলো পর্যালোচনা করা হয়েছে। তবে খুন, বিস্ফোরক, অস্ত্র, মাদক এবং নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলাগুলো এই সিদ্ধান্তের আওতার বাইরে রাখা হয়েছে।
তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধেও একাধিক খুন, বিস্ফোরক ও অস্ত্রের মামলা দায়ের করা হয়েছিল। এ ধরনের রাজনৈতিক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের লক্ষ্যে নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ ক্ষেত্রে যাতে কোনো অপব্যবহার না হয়, সে জন্য একটি কার্যকর যাচাই-বাছাই প্রক্রিয়া ও কমিটি গঠনের বিষয়টি বিবেচনায় রয়েছে। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।
৫ আগস্টের পর দায়ের হওয়া কিছু মামলার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শত্রুতাবশত ও হয়রানির উদ্দেশ্যে অনেককে আসামি করা হয়েছে—এমন তথ্য তাদের নজরে এসেছে। বিষয়গুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করতে হলে মামলাকে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে।