জাতীয়

তিন শ্রেণির নাগরিক ফ্যামিলি কার্ড আগে পাবেন: সমাজকল্যাণমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম

তিন শ্রেণির নাগরিক ফ্যামিলি কার্ড আগে পাবেন: সমাজকল্যাণমন্ত্রী
এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত—এই তিন শ্রেণির নাগরিককে অগ্রাধিকার ভিত্তিতে কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী ১০ মার্চ দেশের ১৪টি জেলায় কর্মসূচিটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এটিকে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ উল্লেখ করে বলেন, কেউ এই সুবিধা থেকে বাদ পড়বেন না।

তিনি আরও জানান, চার বছরের মধ্যে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। উপকারভোগীদের তথ্য বিশেষ সফটওয়্যারে সংরক্ষণ করা হবে এবং বাংলাদেশ ব্যাংক-এর তত্ত্বাবধানে সুবিধাভোগীরা তাদের পছন্দের ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতে পারবেন।

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণার অভিযোগও উঠে এসেছে বলে জানান মন্ত্রী। রাজধানীর কড়াইল বস্তি ও ময়মনসিংহের কিছু এলাকায় এ ধরনের অনিয়মের তথ্য পাওয়া গেছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

ইউনিয়ন পর্যায়ে ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য অফলাইন ও অনলাইন—দুইভাবেই জমা দেওয়া যাবে। এ ক্ষেত্রে কোনো তদবিরের প্রয়োজন নেই।