জাতীয়

সাবেক উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেনকে দুদকের অভিযোগ থেকে অব্যাহতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১০:৪৭ পিএম

সাবেক উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেনকে দুদকের অভিযোগ থেকে অব্যাহতি
মোয়াজ্জেম হোসেন। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১১ মাসের অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে আনা দুর্নীতি ও তদবির-বাণিজ্যের অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ায় অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এমন দাবি করেছেন সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মোয়াজ্জেম হোসেন।

শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক–এ দেওয়া এক পোস্টে তিনি জানান, দুদকের অনুসন্ধান প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি এবং এ বিষয়ে সংস্থাটি তাকে নিষ্পত্তিপত্র দিয়েছে।

মোয়াজ্জেম হোসেন বলেন, গত ৫ আগস্ট পরবর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টা আসিফ মাহমুদ–এর ব্যক্তিগত সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। প্রথমে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এবং পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

তিনি দাবি করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন তদবির ও ব্যক্তিগত সুবিধা দেওয়ার জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হয়। তবে অনৈতিক সুবিধা দিতে অস্বীকৃতি জানালে কিছু মহল তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ৩১১ কোটি টাকার তদবির-বাণিজ্যের অভিযোগ তুলে পোস্ট করা হয় এবং পরে কয়েকটি জাতীয় দৈনিকেও একই ধরনের অভিযোগ প্রকাশিত হয় বলে উল্লেখ করেন তিনি।

মোয়াজ্জেম হোসেন জানান, দুদকের অনুসন্ধান চলাকালে তিনি সংস্থাটিকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। তবে এই সময় তাকে ও তার পরিবারকে সামাজিক ও মানসিকভাবে নানা হয়রানির শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া সম্প্রতি কিছু গণমাধ্যম তার গ্রামের অন্য একজনের নির্মাণাধীন বাড়িকে তার নামে প্রচার করে সংবাদ প্রকাশ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টের শেষে তিনি দুদকের অনুসন্ধান ও নিষ্পত্তি-সংক্রান্ত নথি সংযুক্ত করে সবার কাছে দোয়া চান। সেখানে তিনি লেখেন, তিনি শান্তিতে জীবনযাপন করতে চান এবং ভবিষ্যতে যেন আর কাউকে এ ধরনের মিথ্যা অভিযোগ ও হয়রানির শিকার হতে না হয়।