জাতীয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আজও ঢাকায় ২৬ ফ্লাইট বাতিল, মোট বাতিল ৬১৪


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:১১ পিএম

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আজও ঢাকায় ২৬ ফ্লাইট বাতিল, মোট বাতিল ৬১৪
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধপরিস্থিতির কারণে একের পর এক দেশ আকাশসীমা বন্ধ ঘোষণা করায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন ঘটছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ মার্চ) আরও ২৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। ফলে এসব রুটে চলাচলকারী ফ্লাইটগুলো বাতিল করতে বাধ্য হচ্ছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। এই পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ৬১৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল হচ্ছে। এর মধ্যে ১ মার্চ সর্বোচ্চ ৪০টি ফ্লাইট বাতিল হয়। পরবর্তী দিনগুলোতেও গড়ে ২৫ থেকে ৪৬টির মধ্যে ফ্লাইট বাতিল হয়েছে। সর্বশেষ ১৯ মার্চ বৃহস্পতিবারও ২৬টি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে।

আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কুয়েতগামী ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৬টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি এবং এমিরেটস এয়ারলাইন্সের ২টি ফ্লাইট। এছাড়া জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি এবং ফ্লাইদুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) ৪টিসহ মোট ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে, ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে বিপাকে পড়ছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভোগান্তি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।