জাতীয়

ই-ভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা মানিলন্ডারিং মামলা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০২:০২ পিএম

ই-ভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা মানিলন্ডারিং মামলা
মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিন। ছবি: সংগৃহীত

অনলাইনে পণ্য বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে সিআইডি। মামলায় ৩১০ কোটি ১৯ লাখ ১৩ হাজার ৪০৭ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, গত ২৯ মার্চ ঢাকার কাফরুল থানায় এ মামলা দায়ের করা হয়। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তদন্তে উঠে এসেছে, ই-ভ্যালি ডটকম লিমিটেড নামের ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে গ্রাহকদের কাছ থেকে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে অর্ডার নেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করা হয় বলে অভিযোগ রয়েছে।

এছাড়া, বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠানের কাছ থেকে বড় অঙ্কের পণ্য ক্রয় করেও মূল্য পরিশোধ না করে সেই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে জানায় সিআইডি। আত্মসাৎ করা অর্থ দিয়ে বিলাসবহুল গাড়ি ক্রয়, সম্পদ অর্জন এবং বিদেশ ভ্রমণসহ নানা ভোগ-বিলাসে ব্যয় করা হয়েছে বলেও তদন্তে উঠে এসেছে।

সিআইডির ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় হাজার হাজার গ্রাহক ও মার্চেন্ট প্রতারণার শিকার হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, আত্মসাৎ করা অর্থের উৎস ও ব্যবহারের বিস্তারিত খুঁজে বের করা এবং জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।