জাতীয়

সামাজিক মাধ্যম সরকারের নিয়ন্ত্রণ করা উচিত: খোকন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পিএম

সামাজিক মাধ্যম সরকারের নিয়ন্ত্রণ করা উচিত: খোকন
ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে অপব্যবহার রোধে সরকারের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-১ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, অনলাইনে ব্যক্তিগত সম্মানহানি ও বিশেষ করে নারীদের লক্ষ্য করে অপপ্রচার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

রোববার (১৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

মাহবুব উদ্দিন খোকন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষকে অপমান করা ও ‘মব’ তৈরি করার প্রবণতা বাড়ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। তার মতে, এসব অনিয়ম মোকাবিলায় বিদ্যমান আইন প্রয়োগের মাধ্যমে কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা প্রয়োজন।

বক্তব্যে তিনি সংসদের কার্যক্রম সম্পর্কেও মতামত তুলে ধরেন। তিনি বলেন, পেশাদার আইনজীবীদের সংসদে আরও বেশি সময় কথা বলার সুযোগ দেওয়া হলে তা রাষ্ট্রের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামালকে অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, তার আইনগত অভিজ্ঞতা সংসদের কার্যক্রমকে আরও কার্যকর ও প্রাণবন্ত করতে সহায়তা করবে।