জাতীয়

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক: জামায়াত এমপি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক: জামায়াত এমপি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের প্রথা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। তিনি বলেন, এ ধরনের আচরণ শিরকের কাছাকাছি চলে যায় এবং কার্যপ্রণালি বিধিতে এ বিষয়টি বাতিল করা হয়েছে সেটি সবার মানা উচিত।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মুজিবুর রহমানের মতে, এই বিধান মেনে চললে নেকি অর্জন হবে এবং গুনাহ থেকে বিরত থাকা সম্ভব হবে।

জবাবে অধিবেশন পরিচালনাকারী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি তিনি কার্যপ্রণালি বিধি দেখে বিবেচনা করবেন। তিনি আরও বলেন, সম্মান প্রদর্শনের বিষয়টি অনেকাংশে ব্যক্তিগত কেউ সালাম দেন, কেউ অন্যভাবে সম্মান জানান। বিশ্বজুড়েই এ ধরনের রীতি রয়েছে। তবে পূর্বে এটি বাতিল হয়েছে কিনা তা যাচাই করে পরে সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে বক্তব্যে মুজিবুর রহমান উল্লেখ করেন, সংসদে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়টি নিয়ে আগে আলোচনা হয়েছিল এবং সংশোধনীর মাধ্যমে এটি বাতিল করা হয়েছে, কারণ এটি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক।

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, অনেক সময় দেখা যায় সালাম বিনিময়ের পরও কিছুটা মাথা ঝুঁকানোর প্রথা রয়ে গেছে। তিনি অনুরোধ জানান, কার্যপ্রণালি বিধিতে শিরক পরিহারের যে নির্দেশনা রয়েছে তা যেন সবাই অনুসরণ করেন।

এ সময় তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে পয়েন্ট অব অর্ডারে কথা বলেন জামায়াতে ইসলামীর আরেক সংসদ সদস্য মো. নুরুল আমীন। তিনি বলেন, মুজিবুর রহমান যে বিষয়টি তুলে ধরেছেন তা যৌক্তিক। সংসদের প্রচলিত রীতির সঙ্গে সাংঘর্ষিক মনে হওয়ায়ই তিনি বিষয়টি উত্থাপন করেছেন।