জাতীয়
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর
মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে কক্সবাজারে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টা ৫৫ মিনিটে ১১ সদস্যের প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে। সেখান থেকে তারা সরাসরি উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশে রওনা হন। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও রয়েছেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবে। পাশাপাশি সম্প্রসারিত ৮-পশ্চিম ও ৬ নম্বর শিবিরও ঘুরে দেখার কর্মসূচি রয়েছে।
সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সহায়তা এবং চলমান সেবামূলক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া বিকেল ৩টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের শেষ দিন শনিবার (১ আগস্ট) ঢাকায় দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে তার বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।