জাতীয়
ফেল করা শিক্ষার্থীদের খাতা পুনঃপরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল করা কিংবা আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীদের পুনঃপরীক্ষণের আবেদন করা খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, খাতা পুনঃপরীক্ষার সময় কোনো ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় ভালো করার প্রস্তুতি থাকা সত্ত্বেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারে না। আমাদের বোর্ডের ১৯৯৮ সালের আইনে খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে আমরা সেই ব্যবস্থা পরিবর্তন করেছি।
তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। খাতা মূল্যায়নে কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
গত বছর অর্থাৎ ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।