জাতীয়
‘আজকে যারা সংস্কার-সংস্কার করছেন, বিগত ১৭ বছর কোথায় ছিলেন’: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি ২০২২ সালেই সংস্কারের প্রস্তাব দেশের মানুষের সামনে তুলে ধরেছিল। এখন যারা ‘সংস্কার’ নিয়ে বড় বড় কথা বলছেন, বিগত ১৭ বছরে তাদের রাজপথে দেখা যায়নি।
আজ রবিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আজকে যারা বড় বড় কথা বলছে, যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদের আমরা বিগত ১৭ বছর রাজপথে দেখি নাই। আজকে এরা সংস্কার, সংস্কার কথা বলছে। বিএনপি ২০২২ সালে সংস্কার ঘোষণা করেছে। কোথায় ছিলেন তখন আপনারা?’
তিনি আরও বলেন, ‘সংস্কার এই দেশে সবচেয়ে প্রথম বিএনপি তথা খালেদা জিয়ার নেতৃত্বে সংস্কারের প্রস্তাবনা দেশের মানুষের সামনে তুলে ধরা হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সরকার হিসেবে বিএনপি বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচিসহ জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কথা তুলে ধরেন তিনি।
স্বাস্থ্যসেবার প্রসঙ্গে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫৫৩টি উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১৫১ শয্যার হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গুরুতর অসুস্থতা ছাড়া উপজেলা ও গ্রামের মানুষকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে যেতে হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সাধারণ মানুষের প্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর সরকার ট্যাক্স কমিয়েছে। জনগণের স্বস্তির কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, দেশে অনেক ‘বিভ্রান্তকারী’ ও ‘রটনাকারী’ রয়েছে। তাদের অতীত কর্মকাণ্ড বিবেচনা করে ভবিষ্যৎ কর্মকাণ্ডের দিকে নজর রাখতে হবে।
তিনি বলেন, ১৯৭১, ১৯৮৬, ১৯৯৬ এবং বিগত ১৭ বছরের আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর ভূমিকা মানুষকে মনে রাখতে হবে। তার দাবি, বিএনপিসহ তাদের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা দীর্ঘ আন্দোলনে গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি আরও বলেন, দেশকে স্থিতিশীল রাখতে হবে এবং কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হওয়া যাবে না।
এর আগে বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে সরকারের নেওয়া ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।