জাতীয়

দেশের অধিকাংশ ড্রাইভার ‘ফিটনেসবিহীন’: সড়কমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:০৯ পিএম

দেশের অধিকাংশ ড্রাইভার ‘ফিটনেসবিহীন’: সড়কমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের অধিকাংশ চালক যথাযথ প্রশিক্ষণ ছাড়াই হেলপার থেকে চালক হয়েছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তার মতে, ফিটনেসবিহীন যানবাহন ও চালক, অসচেতনতা এবং অনিয়ন্ত্রিত গতি সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।

সোমবার (২৪ আগস্ট) সকালে তেজগাঁওয়ের সড়ক ভবনে জরুরি চিকিৎসায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সেবা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে ফিটনেসবিহীন যানবাহনের পাশাপাশি ফিটনেসবিহীন চালকরাও রয়েছেন। দেশের অধিকাংশ চালক যথাযথ প্রশিক্ষণ ছাড়াই হেলপার থেকে চালক হয়েছেন।

তিনি আরও বলেন, প্রতি বছর প্রায় ৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন। এই সংখ্যা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সড়কমন্ত্রী জানান, মহাসড়কের পাশের হাসপাতালগুলোতে আলাদা ইউনিট গঠন করা হবে। পাশাপাশি দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে মহাসড়কের প্রতি ১০ কিলোমিটারের মধ্যে অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করা হবে।

এ সময় তিনি ২০২৭ সালের মধ্যে নতুন নিরাপদ সড়ক আইন প্রণয়নের কথাও জানান।

অনুষ্ঠানে দুর্ঘটনার পর জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং মহাসড়ক পুলিশের জন্য ৮০টি টহল মোটরসাইকেল উদ্বোধন করা হয়।