জাতীয়

আ. লীগসহ কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম

আ. লীগসহ কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধী দল, আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দলের নেতাকর্মী যেন অন্যায়ভাবে কারাগারে বা আটক না থাকেন, তা বর্তমান সরকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল বিচারপূর্ব আটক রাখা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিএনপি সরকারের সংস্কারের প্রতিশ্রুতির কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে দেশে যে ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, বাংলাদেশের ইতিহাসে এর আগে এমন ঘটনা দেখা যায়নি। এর সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছে বিএনপি ও দলটির নেতাকর্মীরা।

তিনি বলেন, বর্তমান বা ভবিষ্যতে যেন আগের ফ্যাসিস্ট শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সেটিই সরকারের লক্ষ্য। সবার ন্যূনতম মানবাধিকার নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা করা হবে।

জুলাই-আগস্টের ঘটনা ও পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যেসব ঘটনায় আইনগতভাবে মামলা করার প্রয়োজন ছিল, সেসব মামলা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি এবং গুম-খুনের নির্দেশদাতাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

তবে অনেক ক্ষেত্রে অতিউৎসাহী হয়ে মামলা দায়ের করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এসব মামলা আইন মন্ত্রণালয় পর্যালোচনা করবে জানিয়ে শামা ওবায়েদ বলেন, কোনো মামলার সত্যতা বা ভিত্তি না পাওয়া গেলে পর্যালোচনার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার মানবাধিকার রক্ষা এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকা। বিরোধী দল, আওয়ামী লীগ কিংবা অন্য যে কোনো দলের নেতাকর্মীই হোক, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে কারাগারে বা আটক না থাকেন, তা সরকার নিশ্চিত করবে।