জাতীয়
৭ জনের ফাঁসির রায়ে একটা ককটেল বিস্ফোরণ বড় কিছু না: স্বরাষ্ট্রমন্ত্রী
হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সাতজনের ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, এটি এত বড় কোনো ঘটনা নয়।
মঙ্গলবার সচিবালয়ে ঢাকা শহরের বিভিন্ন বড় উন্নয়ন প্রকল্পের কারণে সৃষ্ট যানজট নিরসন নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের দেওয়া সম্ভাব্য সময়সূচি চূড়ান্ত নয়। বিষয়টি গণমাধ্যমে কিছুটা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের দুটি দায়িত্ব হলো রাষ্ট্রপতি নির্বাচন ও সংসদ নির্বাচন আয়োজন করা। স্থানীয় সরকার আইন অনুযায়ী স্থানীয় সরকারগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সরকারের সঙ্গে সমন্বয়ের বিষয় রয়েছে।
তিনি জানান, ১৭ সেপ্টেম্বর আন্তমন্ত্রণালয় সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত থাকবেন। ওই সভার সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী সময়ে নির্বাচনের তফসিল সাজাবে নির্বাচন কমিশন।
রাজধানীতে চলমান বড় উন্নয়ন প্রকল্পগুলোর কাজের সমন্বয় প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব উন্নয়নকাজ যেন সমন্বিতভাবে করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। একটি সংস্থা রাস্তা খননের পর অন্য সংস্থা যেন আবার একই জায়গায় খোঁড়াখুঁড়ি না করে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এতে নগরবাসীর ভোগান্তি কমবে।
বর্ষা মৌসুমে খোঁড়াখুঁড়ি এড়িয়ে চলা এবং বিভিন্ন সংস্থার উন্নয়নকাজ সমন্বয়ের মাধ্যমে একসঙ্গে করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে ১৫ দিন পর আবার সমন্বয় সভা হবে।
নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটি মাঝে মধ্যে কিছু অপতৎপরতা চালাচ্ছে, যা দৃশ্যমান। ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে ভিডিও ধারণের ঘটনাও ঘটছে। গুলশানে সকাল ১১টায় জুমার নামাজের কথা বলে কিছু লোক জড়ো হয়েছিল। পরে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
গোয়েন্দা তথ্যের ঘাটতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুলিশ হয়তো শুক্রবার আগে থেকে ধারণা করতে পারেনি যে ওই এলাকায় জুমার নামাজ পড়ার কথা বলে এ ধরনের কর্মকাণ্ড হতে পারে। তবে এটিকে পুলিশের ব্যর্থতা বলার সুযোগ নেই। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাতজনের ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এটি এত বড় কোনো বিষয় নয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় প্রসঙ্গে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী দেশবাসী সুবিচার পেয়েছে বলে সরকার মনে করে। আদালত স্বাধীন এবং আদালতের রায়ের ওপর কোনো মন্তব্য নেই বলেও জানান তিনি।