জাতীয়
নতুন নামে যাত্রা শুরু করল র্যাব, অপরিবর্তিত লোগোর নকশা
ব্যাপক আলোচনা ও সমালোচনার মধ্যেই ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন যাত্রা শুরু করেছে বিলুপ্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব।
বুধবার থেকে নতুন নামে কার্যক্রম শুরুর বিষয়টি জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ। তিনি বলেন, এসআরবি নামে গেজেট প্রকাশ হয়েছে। র্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নামে বুধবার থেকে সব কার্যক্রম শুরু করা হয়েছে।
এদিন আয়োজিত সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে ব্যবহৃত বাহিনীর নতুন লোগোতে র্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা দেখা গেছে। তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন নামের লোগো ব্যবহার করা হয়েছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর তা আইনে পরিণত হয়। এর পরদিনই নতুন নামে কার্যক্রম শুরু করল বাহিনীটি।
বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ র্যাব গঠিত হয়। আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি পরবর্তী সময়ে বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাহিনীটি বিলুপ্তির দাবি ওঠে।
গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র্যাব ও বাহিনীর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর র্যাব বিলুপ্তির দাবি জানায় বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটি।
এর ধারাবাহিকতায় কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যাস করে র্যাবকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন কাঠামোয় মাঠে রাখল সরকার।