রাজনীতি

জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিরোধিতা করেছি: নাছির উদ্দীন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিরোধিতা করেছি: নাছির উদ্দীন
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব বা কমিয়ে আনার প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির মতে, দেশে বিদ্যমান সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় কোনোভাবেই প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করার সুযোগ থাকা উচিত নয়।

মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বক্তব্যে এ কথা জানান।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘জুলাই জাতীয় সনদে বারবার প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা ও কমিয়ে আনার কথা বলা হয়েছিল। আমরা এই প্রস্তাবের বিরোধিতা করেছি। আমরা মনে করি, বর্তমানে দেশে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি চলছে, সেখানে কোনোভাবেই প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করার কোনো উপায় বা সুযোগ থাকা উচিত নয়। ছাত্রদল অত্যন্ত সুস্পষ্টভাবে তাদের এই অবস্থান তুলে ধরেছে।’

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে ছাত্রদলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আরেকটি বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এটি পুনঃস্থাপনের বিষয়েও আমরা আমাদের মতামত দিয়েছি। আমরা মনে করি, এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে করা উচিত।’

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো জটিল ফর্মুলার দিকে না গিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলে তা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাবে।