সারাবিশ্ব

বাংলাদেশের শ্রমিক আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

বাংলাদেশের শ্রমিক আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত
ছবি: সংগৃহীত

ভারত বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ অসন্তোষ এবং পোশাক শ্রমিকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে সীমান্ত অতিক্রমকারী নদীর পানি বণ্টন এবং উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক কূটনৈতিক সফরের ক্ষেত্রে বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর ওপর গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি।

মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।

ঢাকায় সাম্প্রতিক পোশাক শ্রমিকদের বিক্ষোভ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন জয়সওয়াল।

তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত। দেশটিতে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং সেগুলোর দিকে নজর রাখা হচ্ছে। ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায়।

দুই দেশের অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা, বিশেষ করে গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়ে কথা বলতে গিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যৌথ নদীগুলো নিয়ে যেকোনো আলোচনা নির্ধারিত দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমেই এগিয়ে নেওয়া হবে।

জয়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ সব আন্তসীমান্ত নদী নিয়ে আলোচনার জন্য এটিই আনুষ্ঠানিক কাঠামো।

এদিকে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের কূটনৈতিক কর্মসূচি প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া পূর্ববর্তী আমন্ত্রণের কথা স্মরণ করিয়ে দেন তিনি।

জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে পরবর্তী সময়ে জানানো হবে।

বাংলাদেশে পোশাক শ্রমিকদের আন্দোলন মঙ্গলবার টানা চতুর্থ দিনে গড়িয়েছে। এর মধ্যেই শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে ভারতের নজরদারির কথা জানালেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

সূত্র, এএনআই।