রাজনীতি
চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার
চাকরি নিয়োগে মেধার পরিবর্তে দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে এমন অভিযোগ করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বর্তমানে চাকরি পেতে ইন্টারভিউ বা যোগ্যতার প্রয়োজন নেই, বরং বিএনপির কোনো পদ থাকলেই সেটাই যোগ্যতা হিসেবে বিবেচিত হচ্ছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, বিএনপি সর্বস্তরে দলীয়করণ করছে। তার দাবি, অতীতে আওয়ামী লীগ যেমন দলীয়করণ করেছে, এখন শুধু নাম পরিবর্তন হলেও সেই একই ধারা অব্যাহত রয়েছে।
এ সময় তিনি আরও বলেন, বিএনপি সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে সরে এসেছে। স্লোগানে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও বাস্তবে তারা দলীয় স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছে। তিনি সরকারকে এ পথ থেকে সরে আসার আহ্বান জানান।
এছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে এক বছরের চুক্তিতে সামসুল আলমের নিয়োগ নিয়েও সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, রাজনৈতিক বিবেচনায় এ ধরনের নিয়োগ দেওয়া হচ্ছে, যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, হামিদুর রহমান আযাদ ও আবদুল হালিমসহ দলের অন্যান্য নেতারা।