রাজনীতি
তারেক রহমানকে নিয়ে কটূক্তি বরদাস্ত করা হবে না: জয়নুল আবদিন ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কোনো ধরনের কটূক্তি সহ্য করা হবে না।
সোমবার রাজধানীতে অনুষ্ঠিত এক ওলামা দলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "খবরদার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। তাঁর সন্তান, যার নেতৃত্বে গত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা জীবন বাজি রেখে, রক্তচক্ষু উপেক্ষা করে, হাঁটু পানিতে থেকেও দলকে সংগঠিত রেখেছেন—তাকে নিয়ে কেউ অবমাননাকর মন্তব্য করলে তা কখনই সহ্য করা হবে না।"
জয়নুল আবদিন আরও বলেন, "তারেক রহমান বিদেশে অবস্থান করলেও দেশের মানুষকে মুক্তি দিতে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে এবং দেশের জনগণের সেবা করতে তিনি অবিরাম চেষ্টা করে যাচ্ছেন। ১/১১-এর চক্রান্তের শিকার হয়ে তিনি দেশে নেই, কিন্তু সব ষড়যন্ত্র উপেক্ষা করেও দলকে সংগঠিত রাখছেন।"
তিনি মিটফোর্ডে সংঘটিত একটি হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, "এই ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও সরকার এখনো অপরাধীদের খুঁজে বের করতে পারেনি। নির্বাচনের আগে এই ধরনের হত্যাকাণ্ড কোনো চক্রান্তের অংশ কি না, তা খতিয়ে দেখা জরুরি। এ দায়িত্ব সরকারকেই নিতে হবে।"
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "কেউ কেউ বলছেন, নির্বাচন কমিশন পরিবর্তন না হলে নির্বাচন হবে না। আবার কেউ বলছেন, শাপলা না দিলে ধানের শীষও বাদ দিতে হবে। আমি আবারও বলছি—খবরদার! শহীদ জিয়ার প্রতীক ধানের শীষ নিয়ে কোনো রকম কটূক্তি সহ্য করা হবে না।"
সভায় তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "বর্তমান সরকারের নানা ষড়যন্ত্র মোকাবিলা করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল ও নেতৃত্বের বিরুদ্ধে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না।"