রাজনীতি
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেয়ার প্রস্তুতি চলছে: মান্না
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর বা ইউরোপে স্থানান্তরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে তিনি জানান, খালেদা জিয়া এখনো বিমানে ভ্রমণের মতো শারীরিকভাবে সক্ষম নন।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মান্না।
তিনি বলেন, “চিকিৎসকরা আশাবাদী কোনো বার্তা দেননি। শুধু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গতকালের মতোই তার অবস্থা সংকটাপন্ন; উন্নতি বা অবনতি কিছুই হয়নি।”
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া নানা জটিল রোগে ভুগছেন। ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে জানান, দেশ-বিদেশের চিকিৎসকরা অত্যন্ত পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন। পাশাপাশি বন্ধুবৎসল কয়েকটি রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।