রাজনীতি

জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাকিব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৬:০৩ পিএম

জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাকিব
ছবি: সংগৃহীত

জামায়াত ও ছাত্রশিবিরকে মোকাবিলায় একা ছাত্রদলই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শিবির যদি একই ধরনের রাজনীতি অব্যাহত রাখে, তবে তার পরিণতি ভোগ করতে হবে।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

রাকিবুল ইসলাম বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনা কোনোভাবেই কাম্য ছিল না। একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে সেখানে অস্ত্রের মহড়া দেওয়া হয়েছে এবং রাতভর ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তার দাবি, হামলার পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে সমর্থন করেছেন এবং ছাত্রদলকে দুর্বল প্রমাণের চেষ্টা করেছেন। এমনকি রংপুরে ছাত্রদলের অস্তিত্ব মুছে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ছাত্রদল সভাপতি আরও বলেন, শুধু শিবির নয়, জামায়াতের শীর্ষ নেতারাও এ ঘটনার পক্ষে অবস্থান নিয়েছেন। অস্ত্র নিয়ে হামলাকে বীরত্ব হিসেবে তুলে ধরার প্রবণতা তৈরি হয়েছে, যা দেশের রাজনীতির জন্য অশনিসংকেত। এর ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতাকর্মীরা ‘মব’ সৃষ্টি করে পরিস্থিতি উত্তপ্ত করেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ছাত্রদল দীর্ঘদিন প্রতিকূল পরিবেশে রাজনীতি করেছে এবং কখনো আত্মগোপনে যায়নি। অতীত অভিজ্ঞতা থেকে তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম। ছাত্রদলের ওপর আঘাত এলে তার জবাব দেওয়া হবে, এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রসঙ্গে রাকিবুল ইসলাম বলেন, জেলা প্রশাসক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সদস্যের উপস্থিতিতে ছাত্রদলের নেতারা সংযত আচরণ করেছিলেন এবং শিবিরের নেতাকর্মীদের শান্তভাবে সরে যেতে বলেছিলেন। কিন্তু শিবিরের পক্ষ থেকে উল্টো উত্তেজনাকর আচরণ করা হয়, যার ফলে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়।

ঢাকা কলেজের একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ছাত্রশিবিরের এক নেতা ছাত্রদলের এক নেতাকে হুমকি দিয়েছেন, যিনি আগে গুলিবিদ্ধ হয়েও বেঁচে ফিরেছিলেন। শুধু হুমকি দিলেই হয় না, তা বাস্তবায়নের সক্ষমতাও থাকতে হয় শিবিরের সে সক্ষমতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, ঢাকায় শিবিরের নেতাকর্মীরা প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করছেন।

রাকিবুল ইসলাম বলেন, জামায়াত ও শিবিরকে মোকাবিলায় ছাত্রদল একাই যথেষ্ট, এতে অন্য কোনো সংগঠনের প্রয়োজন নেই। তবে কেন্দ্রীয় নির্দেশনায় সারা দেশে নেতাকর্মীদের সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো উত্তেজনা তৈরি হয়ে রাজনৈতিকভাবে কেউ সুবিধা নিতে না পারে।

তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতেও যদি শিবির দেশীয় অস্ত্র প্রদর্শন, হুমকি ও মবভিত্তিক রাজনীতি চালিয়ে যায়, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনার মতো পরিণতি তাদের আবারও ভোগ করতে হবে।