রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:১৯ পিএম

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা না হলে বর্তমান সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধ এবং বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, দেশের পরিবর্তন ও সংস্কারের লক্ষ্যেই গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিল মানুষ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছিল, যাতে পুলিশ, বিচারব্যবস্থা, স্থানীয় সরকার ও গণমাধ্যমসহ রাষ্ট্রের বিভিন্ন খাতে প্রয়োজনীয় সংস্কার করা যায়।

তিনি বলেন, সরকার যদি গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে না পারে এবং গ্যাসের দাম কমাতে ব্যর্থ হয়, তাহলে দেশের কলকারখানা ও ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের সংকট তৈরি হবে। এর সঙ্গে চাঁদাবাজি চলতে থাকলে ব্যবসার পরিবেশ আরও নষ্ট হবে। এসব পরিস্থিতির উন্নতি করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।

নাহিদ ইসলাম আরও বলেন, জনগণ ভোট দিয়ে সরকারকে লুটপাটের জন্য ক্ষমতায় বসায়নি। জনগণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং মানুষের জীবনযাত্রার সংকট কমানো সরকারের দায়িত্ব। ক্ষমতায় থেকে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা লুটপাট ও বিভিন্ন মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করলে জনগণ তা মেনে নেবে না।

যাত্রাবাড়ীর নাগরিক দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, এ এলাকায় নিয়মিত বিদ্যুৎ ও গ্যাসের সংকট দেখা দিচ্ছে। অথচ গণ-অভ্যুত্থানে যাত্রাবাড়ী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ওই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারী ব্যক্তি এবং চোখ হারানো আন্দোলনকারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের অবদানের কারণেই আন্দোলন সফল হয়েছে। কিন্তু তাদের ওপর সংঘটিত অপরাধের বিচার এখনো সম্পন্ন হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ে বিচারকাজে যতটুকু অগ্রগতি হয়েছিল, বর্তমানে সেটুকুতেই কার্যত স্থবিরতা দেখা দিয়েছে। এরপর দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলেও দাবি করেন তিনি।

গণসমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।