রাজনীতি

দুদক মুখপাত্রের বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ এএম

দুদক মুখপাত্রের বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ
ছবি: সংগৃহীত

বদলি, নিয়োগ ও পদোন্নতি নিয়ে অনিয়মের অভিযোগ তোলায় দুর্নীতি দমন কমিশনের মুখপাত্র আখতারুল ইসলামকে আইনি নোটিশ পাঠিয়েছেন অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম জনি গতকাল বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, আখতারুল ইসলামকে এই আইনি নোটিশ পাঠান।

গত ২ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের বিরুদ্ধে বদলি, নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অনিয়মের অভিযোগের বিষয়ে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের মুখপাত্র আখতারুল ইসলাম। ওই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

আইনি নোটিশে আখতারুল ইসলামকে দেওয়া বক্তব্য ১৫ দিনের মধ্যে নিঃশর্তভাবে প্রত্যাহার করতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যাচাই করা ও প্রমাণ সমর্থিত তথ্য ছাড়া এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার করা না হলে দণ্ডবিধির ৫০০ ধারাসহ প্রচলিত আইনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।