রাজনীতি
ইটটি যদি মাথায় লাগত, হয়তো আমি এতক্ষণ বেঁচে থাকতাম না: পাটওয়ারী
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। হামলার জন্য বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়ী করলেও এ বিষয়ে কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন তিনি।
গতকাল শুক্রবার (৩১ জুলাই) রাতে সিলেট থেকে ফেরার পথে জৈন্তাপুরের হরিপুর এলাকায় হামলায় আহত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।
হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, চলন্ত গাড়ির কাচ ভেঙে একটি বড় ইট তার হাতে এসে আঘাত করে। এতে তিনি আহত হন এবং তার সঙ্গে থাকা একজন সহযোগীও রক্তাক্ত হন। তিনি বলেন, “ইটটি যদি হাতে না লেগে মাথায় লাগত, তাহলে আমি হয়তো এতক্ষণ বেঁচে থাকতাম না।”
তারেক রহমানকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আপনি বড় একটি ভুল করেছেন। এই ভুলের রাজনৈতিক মূল্য আপনাকে দিতেই হবে। শেখ হাসিনাও একসময় আমাকে জেলে নিয়েছিলেন, সেই ভুলের খেসারত তিনি দিয়েছেন। আপনাকেও এই ঘটনার জবাব দিতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, ইশরাক হোসেন ও রাশেদের উসকানিমূলক কর্মকাণ্ডের জেরেই এই হামলা হয়েছে। তার দাবি, হরিপুরে কর্মসূচি শেষ করে রওনা হওয়ার দুই-তিন মিনিটের মধ্যেই তাদের বহরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পুলিশ নিরাপত্তায় থাকলেও হামলা ঠেকানো সম্ভব হয়নি।
এনসিপির এই নেতা জানান, হামলার ঘটনায় তারা কোনো আইনি ব্যবস্থা নেবেন না। তিনি বলেন, “আমি যতদিন বেঁচে আছি, এ বিষয়ে কোনো মামলা করব না। রাজপথেই এর রাজনৈতিক জবাব দেওয়া হবে।”
নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, সিলেট অঞ্চলে এনসিপির অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবিলার ঘোষণা দেন তিনি।