সারাদেশ

পল্লী বিদ্যুতকর্মীকে লোহার শিকলে বেঁধে রাখলেন ক্ষুব্ধ গ্রাহক, তারপর...


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম

পল্লী বিদ্যুতকর্মীকে লোহার শিকলে বেঁধে রাখলেন ক্ষুব্ধ গ্রাহক, তারপর...
ছবি: সংগৃহীত

বরগুনার সদর উপজেলায় বিদ্যুৎ বিল বেশি আসায় ক্ষোভে ফেটে পড়ে এক নারী গ্রাহক। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, তিনি পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মীকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ কর্মীকে উদ্ধার করে এবং অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া গ্রামে। অভিযুক্ত নারীর নাম সিমা আক্তার। তিনি ওই এলাকার সোবাহান মাস্টারের মেয়ে।

পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, প্রতিমাসের ন্যায় গ্রাহকদের বিদ্যুৎ বিল পৌঁছে দিতে সকালে পাকুরগাছিয়ায় যান বরগুনা পল্লী বিদ্যুৎ সমিতির পিসিএম (পিয়ন কাম মেসেঞ্জার) দাস শিব রতন (৫৫)। এ সময় বিদ্যুৎ মিটারে অতিরিক্ত বিল এসেছে এই অভিযোগ তুলে সিমা আক্তার ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি শিব রতনকে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলেন এবং মারধরের হুমকি দেন।

বিষয়টি জানাজানি হলে পল্লী বিদ্যুৎ অফিস থেকে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে শিকলবন্দি অবস্থায় শিব রতনকে উদ্ধার করে এবং অভিযুক্ত সিমা আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে।

বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসেন জানান, সরকারি দায়িত্ব পালনকালে একজন কর্মীকে শিকলে বেঁধে রাখা গুরুতর অপরাধ। সিমা আক্তারকে রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, সিমা আক্তারের বিরুদ্ধে আগেও চারটি মামলা রয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকেও মামলা করার প্রস্তুতি চলছে।