সারাদেশ

সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও আগুন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১০:৫৬ পিএম

সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও আগুন
সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও আগুন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের পরিত্যক্ত বাড়িতে আবারও আগুন দিয়েছে একদল বিক্ষুব্ধ লোক। বুধবার (১ অক্টোবর) বিকেলে, শহরের উত্তর তেহমনী এলাকায় এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, এই বাড়িটিই ২০২৪ সালের ৫ আগস্ট, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ঘোষিত গণঅভ্যুত্থানের ঠিক আগের দিন বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিয়েছিল। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাড়িটি সেই থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল বেলা একদল মানুষ হঠাৎ উত্তর তেহমনী এলাকায় জড়ো হয়। পরে তারা বাড়ির নিচতলায় ফের আগুন লাগিয়ে দেয়।

বিক্ষুব্ধদের একজন মেহেদী হাসান বলেন, 'স্বৈরাচারের দোসরদের বাড়িঘর বাংলাদেশে ঠাঁই পাবে না। কেউ ফিরে আসতে চাইলে, জনগণ তা প্রতিহত করবে।'

এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।

লক্ষ্মীপুর সদর থানার ওসি আবদুল মোন্নাফ জানান, “বাড়িটি এর আগেও আগুনে পুড়েছিল। আজ আবার সেখানে আগুন দেওয়া হয়েছে। বাড়ির কাঠামোর অনেক অংশই ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ছিল। আমরা পুনরায় আগুন লাগানোর ঘটনার তদন্ত শুরু করেছি।”

তিনি আরও জানান, পুলিশের একটি দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।