সারাদেশ
চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার চাইল্লাতলী এলাকায় বুধবার বিকেলে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণার সময় হামলার ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন।
ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হয়েছেন সরওয়ার বাবলা নামের একজন। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন ব্যক্তি সরওয়ার বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি চালান। সরওয়ার ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। এসময় আশেপাশের লোকজন আতঙ্কে ছুটাছুটি শুরু করেন। একপর্যায়ে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পূর্ব বিরোধের অংশ হিসেবে কারাগারে থাকা চট্টগ্রামের সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপ সরওয়ার বাবলাকে লক্ষ্য করে গুলি চালায়।
চট্টগ্রাম মহানগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, আহত এরশাদ উল্লাহকে চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।