জাতীয়

বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ-জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পিএম

বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ-জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খান
ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী এক হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর অভিযোগ, ১৯৯৬ সালের মতো আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী আবারও একত্র হয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী এক হয়ে ষড়যন্ত্র শুরু করেছে। ১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতির মতো করে তারা দেশে অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে তিনি অভিযোগ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর চলাকালে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়ে এক যুবকের ফেসবুকে পোস্ট দেওয়ার বিষয়েও তাঁকে প্রশ্ন করা হয়। ওই যুবকের এমন কর্মকাণ্ডের পেছনে বিরোধী দলের ইন্ধন রয়েছে কি না, জানতে চাইলে রাশেদ খান বলেন, বিরোধী দলের উসকানিতেই ওই যুবক এমন দুঃসাহস দেখিয়েছেন বলে তিনি মনে করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্যসচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।