সারাদেশ
কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক
কুমিল্লা নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৬ নভেম্বর) ভোরে নগরীর বিভিন্ন এলাকায় মিছিলের প্রস্তুতিকালে এ অভিযান চালানো হয়। সকালে হঠাৎ করে পুলিশের তৎপরতা বাড়ায় পুরো শহরজুড়ে টানটান উত্তেজনা সৃষ্টি হয়।
পুলিশ জানায়, ভোর ৬টার দিকে টমছম ব্রিজ এলাকায় ছাত্রলীগের একদল নেতাকর্মী মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। পরে টমছম ব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে মোট ২৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মিছিলের ব্যানার, লাঠি ও লাইটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠনের কর্মীদের মিছিলের প্রস্তুতির খবর পাওয়ার পরই পুলিশ সক্রিয় হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সম্ভাব্য নাশকতা রোধে তাদের আটক করা হয়েছে বলে তিনি জানান।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী বলেন, শুধু নগরী নয়, জেলার বিভিন্ন উপজেলাতেও অভিযান চালানো হয়েছে। সদর দক্ষিণ, দাউদকান্দি, মুরাদনগর, ভাঙ্গুরা, দেবীদ্বার ও চান্দিনা থেকে একজন করে, নাঙ্গলকোট থেকে দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আরও সাতজনকে আটক করে। সব মিলিয়ে মোট ৪৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর দুপুরে আদালতে হাজির করা হবে। এরপর আদালতের নির্দেশে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হবে।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই অভিযানকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।