সারাদেশ

রাউজানে গভীর নলকূপ থেকে উদ্ধার শিশু মিসবাহ মারা গেছে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম

রাউজানে গভীর নলকূপ থেকে উদ্ধার শিশু মিসবাহ মারা গেছে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া তিন বছর বয়সী শিশু মিসবাহের মৃত্যু হয়েছে। দীর্ঘ সাড়ে চার ঘণ্টার উদ্ধার অভিযানের পর তাকে গর্ত থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নগর বড়ুয়া পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, খেলাধুলার সময় অসাবধানতাবশত বাড়ির পাশেই থাকা খোলা গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশুটি। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা ও আশপাশের লোকজন দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ৮টার দিকে শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে শিশুটি বাড়ির পাশে থাকা একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। উদ্ধার শেষে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।