সারাদেশ
রুমিন ফারহানাকে ধৈর্য ধরার পরামর্শ পাপনের, দিলেন সতর্কবার্তাও
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। দলের প্রতি অনুগত থাকা এবং রাজনীতিতে জনগণের সঙ্গে অঙ্গীকার বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে রুমিন ফারহানাকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে সতর্কবার্তাও দিয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বেকিনগর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পাপন।
রুমিন ফারহানার রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে নাদিয়া পাঠান পাপন বলেন, বিএনপি দীর্ঘদিন নির্যাতিত ছিল বলেই রুমিন ফারহানা দলটির পক্ষে কথা বলেছেন। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে এবং দলের একটি দল বক্তব্য লিখে দিলে তিনি সেগুলো জনগণের সামনে তুলে ধরতেন।
রুমিন ফারহানাকে বিএনপি সংসদ সদস্য বানিয়েছিল উল্লেখ করে পাপন বলেন, দলের প্রতি অনুগত থাকা অত্যন্ত জরুরি। দল কেন তাকে মনোনয়ন দেয়নি, সেটি দলের নিজস্ব সিদ্ধান্ত। অনেককেই মনোনয়ন দেওয়া হয়নি, কিন্তু তারা দলের বিরোধিতা করেননি।
তিনি আরও বলেন, রাজনীতি করতে হলে দলের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। পাশাপাশি জনগণের সঙ্গেও প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার সম্পর্ক বজায় রাখতে হবে।
রুমিন ফারহানাকে সতর্ক করে পাপন বলেন, তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার কোনো ইচ্ছা তার নেই। তবে মনের দুঃখ থেকে রুমিন যেসব কথা বলছেন, তা তার করা উচিত হচ্ছে না বলে মনে করেন তিনি।
পাপন বলেন, সবারই কথা শোনার একটি ধৈর্যের সীমা রয়েছে। সেই সীমা অতিক্রম করলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। এমন পরিস্থিতি এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফজাল হোসেন আলমগীর। এ সময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।