সারাদেশ
এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের প্রাণহানি ঘটে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাফিজ ও স্বাধীন। তারা স্থানীয় আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী এবং চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নাফিজ ও স্বাধীন। পথে বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করে।
শিবপুর থানার ওসি মো. কোহিনূর মিয়া জানান, নিহতরা আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।