সারাদেশ
স্মার্ট ‘কৃষক কার্ড’ পেয়ে খুশি টাঙ্গাইলের ১ হাজার ৬৮০ কৃষক
টাঙ্গাইলের ভূঞাপুরে স্মার্ট কৃষক কার্ডের আওতায় ১ হাজার ৬৮০ জন প্রান্তিক কৃষককে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই উপকারভোগীদের মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে অর্থ পাঠানো হয়। পাশাপাশি উপজেলায় ১ হাজার ৬২৫ জন কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পরিবার কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ভূঞাপুর উপজেলা অডিটোরিয়াম থেকে ভিডিও সংযোগের মাধ্যমে যুক্ত হয় উপজেলা কৃষি বিভাগ।
কৃষক কার্ডের সুবিধা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। অলোয়া ইউনিয়নের ভারই গ্রামের আব্দুল জব্বার, রহমান সরকার ও জলিল আকন্দ জানান, তারা কিছুক্ষণ আগেই মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে আড়াই হাজার টাকা পেয়েছেন।
তারা বলেন, অতীতে কৃষকরা এমন সম্মান ও সহযোগিতা পাননি। বর্তমান সরকার কৃষকদের পাশে দাঁড়িয়েছে। এই অর্থ কৃষি উৎপাদনের কাজে অনেক উপকারে আসবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) লায়লা আঞ্জুমান বানু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান এবং ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম।
এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।