সারাদেশ

খুলনায় যুবদলের বহিষ্কৃত নেতা মাহবুবকে গুলির পর রগ কেটে হত্যা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৫:৩৪ পিএম

খুলনায় যুবদলের বহিষ্কৃত নেতা মাহবুবকে গুলির পর রগ কেটে হত্যা
কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় যুবদল নেতা মাহবুবুর রহমানকে রাম দা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবি: সংগৃহীত

খুলনায় যুবদলের বহিষ্কৃত এক নেতাকে প্রকাশ্যে গুলি করে এবং পায়ের রগ কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মোল্লা মাহবুবুর রহমান দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মাহবুবুর রহমান ওই এলাকার মো. আব্দুল করিম মোল্লার ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির সামনে নিজের প্রাইভেটকার ধুচ্ছিলেন মাহবুব। এ সময় মোটরসাইকেলে আসা তিনজন সন্ত্রাসী হঠাৎ গুলি ছুড়লে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর মৃত্যু নিশ্চিত করতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার পায়ের রগ কেটে দেয়।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মাহবুবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্বের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

পুলিশ আরও জানিয়েছে, নিহত মাহবুবুর রহমানের বিরুদ্ধে মাদকসহ মোট ৮টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় মাহবুবের হাতে রামদা থাকা একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার রাতেই যুবদল তাকে সংগঠন থেকে বহিষ্কার করে।

ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে জড়িত ছিলেন মাহবুব। পুলিশ এ ঘটনায় সব দিক বিবেচনায় তদন্ত চালিয়ে যাচ্ছে।