সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের পুশ-ইন করা নারী ও শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০১:৩৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের পুশ-ইন করা নারী ও শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশুসহ ছয়জন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার আলীনগর ভূতপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুড়িগ্রামের সীমান্ত দিয়ে ওই ছয়জনকে পুশ-ইন করে। পরে তারা গোপনে চাঁপাইনবাবগঞ্জে আশ্রয় নিলে পুলিশের অভিযানে আটক হন। তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই শেষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হবে।

আটক ব্যক্তিরা হলেন— পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর থানার পাইকর গ্রামের বাসিন্দা মো. দানেশ, তার স্ত্রী সোনালী বেগম ও ছেলে মো. সাব্বির। একই এলাকার আজিজুল দেওয়ানের স্ত্রী সুইটি বেগম এবং তাদের দুই সন্তান কুরবান দেওয়ান ও ইমাম দেওয়ানও আটককৃতদের মধ্যে রয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী ও সীমান্ত সূত্র জানিয়েছে, গত ২৬ জুন থেকে বিএসএফ একাধিক ভারতীয় নাগরিককে বাংলাদেশ সীমান্তে পুশ-ইন করছে। আটককৃত এই ছয়জনও সেই দলের অন্তর্ভুক্ত বলে ধারণা করা হচ্ছে।