সারাদেশ
দামুড়হুদায় ৫ কেজি ভারতীয় রুপার গহনাসহ বাস সুপারভাইজার গ্রেপ্তার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার পাড়া থেকে ৫ কেজি ২০০ গ্রাম ভারতীয় রুপার গহনাসহ মুলতান আলী (৫৫) নামের এক বাস সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাথী পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা মডেল থানা ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মুলতান আলী কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাজার পাড়ার বাসিন্দা এবং বজলুর রশিদের ছেলে। তিনি কার্পাসডাঙ্গা থেকে ফরিদপুর রুটে চলাচলকারী সাথী পরিবহনের সুপারভাইজার হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার দিকনির্দেশনায় দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মুলতান আলীর বাড়ি থেকে সিমেন্টের বস্তা দিয়ে তৈরি বাজারের ব্যাগের ভেতর কস্টেপে মোড়ানো ১৬টি বান্ডিলে মোট ৫ কেজি ২০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ৬৪ হাজার টাকা।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, গ্রেপ্তারকৃত মুলতান আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।